নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন (৩৫) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চঙ্গভাঙ্গা এলাকার একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কালভার্টের ওপর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক শাহিন গুরুতর আহত হন। তাকে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পথেই তিনি মারা যান।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলছে।










