এখন থেকে আর গণহারে অনার্স-মাস্টার্স না পড়ানোর চিন্তা করছে সরকার। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের শিক্ষাকে এগিয়ে নিতেই সরকার এমন চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন,এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। লালমনিরহাটেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। তাই এখন থেকে আর গণহারে অনার্স ও মাস্টার্স পড়ানো হবে না।

তিনি বলেন, শিক্ষার্থীদের সারাক্ষণ শুধু ক্লাস আর ক্লাস। সারাক্ষণ পরীক্ষা। কোচিংয়ের মধ্যে ডুবে থাকে তারা। আমরা এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। শিক্ষার্থীদের পড়াশোনা আনন্দদায়ক করতে চাই। এ জন্য এত পরীক্ষা নিতে চাই না।

এমপিওভুক্তি সম্পর্কে দীপু মনি বলেন, নীতিমালা অনুযায়ী কোনো ধরনের সুপারিশ ছাড়াই যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। কোনো নেতা, মন্ত্রী কিংবা অন্য কোনও উপায়ে এখন আর এমপিওভুক্তির সুযোগ নেই। তাই যেসব শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালার শর্তপূরণে ব্যর্থ, তারা কোনোভাবেই এমপিওভুক্তি পাবে না। এজন্য সবাইকে এমপিওভুক্তির নীতিমালার আলোকে শর্তপূরণ করতে হবে।

লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মোজাম্মেল হক প্রমুখ। এর আগে কলেজ প্রাঙ্গণে তিনটি বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা। মন্ত্রী উত্তরবাংলা কলেজের গুরু নানক লাইব্রেরি, কম্পিউটার ল্যাপসহ কলেজের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর শিক্ষামন্ত্রী সড়ক পথে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করেন।