সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করা হয়েছে। রায় জালিয়াতির অভিযোগ এনে রোববার (১৮ আগস্ট) সন্ধ্যায় শাহবাগ থানা অভিযোগটি জমা হয়। তবে এই অভিযোগটি মামলা হিসেবে নিবন্ধন হবে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই এলিস মাহমুদ জানান, সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। সেটি এখনো মামলা হয়নি।

এর আগে প্রতারণা বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে সদ্য আইন কমিশন থেকে পদত্যাগ করা চেয়ারম্যান খায়রুল হকের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে ইমরুল হাসান নামে এক আইনজীবী এ আবেদন করেন। আবেদনে বাংলাদেশ দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮ ধারায় অভিযোগ আনা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদেশ পরে দেবেন বলে জানান। পরবর্তী সময়ে মামলা গ্রহণের মতো উপাদান না থাকায় তা খারিজ করে দেন আদালত।