মানিকগঞ্জে নিজেদের নির্বাচনী এলাকায় ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তারকা কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নিজ নির্বাচনী আসন মানিকগঞ্জ-৩ এর আওতাধীন সদর উপজেলার গড়পাড়া মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন জাহিদ মালেক।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। ভোটাররা খুব সাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। ভোটদানে ভোটারদের মাঝে কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি হয়নি।

তিনি আরো বলেন, ভোটারদের উপস্থিতিও দেখার মতো। আমরা সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় খোঁজ-খবর রাখছি ও নিয়েছি কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলার খবর পাইনি। আমি বিপুল ভোটে জয়ী হব এবং শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন।

এদিকে মানিকগঞ্জ-২ আসনে জয়মন্টব বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী মমতাজ বেগম। বিপরীতে শক্ত চারজন স্বতন্ত্র প্রার্থী থাকলেও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি।

জেলার তিনটি আসনে ৬৫টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৫১৬টি। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৫১১টি ও অস্থায়ী কেন্দ্র পাঁচটি। জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৬০ হাজার ৪৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৩১ হাজার ৮৬৬ ও নারী ভোটার ছয় লাখ ২৮ হাজার ৫৯৪ জন।