রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ শনিবার (১ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান রেজাউল করিম মল্লিক এ কথা জানান।

তিনি বলেন, বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে 'অলআউট অ্যাকশনে' যাওয়া হবে। রমজান মাসজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশ বিরামহীন কাজ করছে। ছদ্মবেশে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করার কাজ চলছে।

অপরাধ বিশ্লেষণের তথ্য জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, বিভিন্ন কিশোর গ্যাং অপরাধে জড়াচ্ছে। পাশাপাশি ক্ষমতাচ্যুত সাবেক সরকারের অনুসারীরাও অপরাধীদের উসকে দিচ্ছে। এরই মধ্যে অনেককে আইনের আওতায় আনা হয়েছে।

অপরাধে যুক্ত হলে সবাইকে আইনের আওতায় আনা হবে হুঁশিয়ারি দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, রমজান মাসে ব্যাংক, শপিংমল, লঞ্চ টার্মিনাল, বাসস্টপ ও বিমাসহ যেসব জায়গায় মানুষের ব্যস্ততা থাকে, সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ডিবি প্রধান আরো বলেন, সাধারণ মানুষের আস্থার স্থল ও অপরাধীদের জন্য আতঙ্ক হতে চায় ডিবি। ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যেকোনো অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেয়া হয়েছে।