কুমিল্লার লালমাই উপজেলায় বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পুলিশের কনস্টেবল রিয়াজ উদ্দিন (৩১)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ঘড়িমণ্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ির উঠোনে পিছলে পড়ে রিয়াজের বাবা বেলাল হোসেনের হাত ভেঙে যায়। খবর পেয়ে রিয়াজ ছুটি নিয়ে শনিবার রাত ১১টার পর লালমাই থানার কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। কর্মস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যান তিনি।
দুর্ঘটনার সময় মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশের একটি পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার থুতনি ফেটে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রিয়াজের বাবা বেলাল হোসেন বলেন, ছেলে আমাকে দেখতে ছুটি নিয়ে বাড়ি আসছিল। কিন্তু আমি তার শেষ মুখটাও দেখতে পারলাম না।
লালমাই থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ছুটি নিয়ে কনস্টেবল রিয়াজ বাড়ি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন।
উল্লেখ্য, রিয়াজ ২০১৩ সালের ২৯ মার্চ বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। তিনি দীর্ঘদিন সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। গত ১৫ আগস্ট ২০২৪ সালে তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন।










