বাগেরহাট মডেল থানা পুলিশের হেফাজতে থাকা মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গতকাল সকাল ৮টায় তাকে ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চুরির মামলায় রিমান্ডে থাকা মোজাফফর রামপাল উপজেলার ভাগা এলাকার ওহাবের ছেলে।
পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে মোজাফফরসহ চারজনকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। ওইদিনই তাদের চুরির মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশের আবেদনে বৃহস্পতিবার আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় গতকাল সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানান। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ মোজাফফরকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান বলেন, ‘সকালে দায়িত্বরত চিকিৎসক পুলিশের নিয়ে আসা রোগীকে চিকিৎসা দেন। ইসিজি করে দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। এ কারণে তাকে খুলনায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু এর মধ্যেই সকাল ৮টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ‘মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। সকালে অসুস্থ হয়ে পড়লে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’










