কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে উপজেলার ভন্দুরচর গ্রামে এ সংঘর্ষে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহতরা হলেন উপজেলার ভন্দুরচর গ্রামের মৃত গোলাম শহিদের ছেলে বুলু মিয়া (৬০) ও ফুলবাবু (৪৭) এবং একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪৫)। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, রৌমারী স্থলবন্দরের পাশে সীমান্তবর্তী গ্রামে জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভন্দুরচর গ্রামের শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। গতকাল দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন ওই জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষ রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা সবাই শাহাজাহান মিয়ার অনুসারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা আরো জানায়, জিঞ্জিরাম ও কালোর নদীবেষ্টিত সীমান্তবর্তী ভন্দুরচর গ্রামটিতে প্রতিকূল যোগাযোগ ব্যবস্থার কারণে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ পৌঁছতে পারেন না।
রৌমারী থানার ওসি লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।










