মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে একই পরিবারের দুজনসহ চার নারীর মৃত্যু হয়েছে। তারা সবাই স্থানীয় লাখাইছড়া চা বাগানের কর্মরত চা শ্রমিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা  ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে ঘরের দেয়াল লেপার জন্য নিহতরা চা বাগানের ১ নম্বর লাইনের উরিষ্যা টিলায় যান। সেখানে বড় একটা গর্তের ভেতর থেকে সাদা মাটি কাটার সময় টিলা ধসে পড়ে। সে সময় গর্তের ভেতর এক শিশু, পাঁচ নারীসহ মোট ছয়জন ছিলেন। টিলা ধসের সঙ্গে সঙ্গে এক নারী ও শিশুটি কোনোভাবে বের হতে পারলেও বাকি চার নারী মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলে দুজনকে মৃত অবস্থায় পান। গুরুতর আহত দুজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের মধ্যে একজন লাখাইছড়া চা বাগানে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অরুণ মাহালির স্ত্রী রাধামণি মাহালি। বাকি তিনজন চা বাগানের জংলি টিলার বাসিন্দা স্বপন ভূমিজের স্ত্রী হীরা রানী ভূমিজ, মিথুন ভূমিজের স্ত্রী রীনা ভূমিজ, রিপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ। নিহতরা সবাই চা বাগানে বসবাসরত ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর মানুষ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, সামনে দুর্গাপূজা। ঘর লেপার জন্য তারা সাদা মাটি আনতে গিয়েছিলেন। এক শিশু ও নারী ছাড়া বাকি চার নারীর সবাই মারা গেছেন। এর মধ্যে এক পরিবারের দুজন রয়েছেন। তারা হলেন আপন দুই ভাই রিপন ভূমিজ ও স্বপন ভূমিজের স্ত্রী পূর্ণিমা ভূমিজ ও হীরা ভূমিজ।

শ্রীমঙ্গল থানার এসআই মো. আলাউদ্দিন জানান, ঘটনার পর আহত-নিহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমরা চারজনকেই মৃত অবস্থায় পাই। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।