শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে আরো একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। এনিয়ে গত ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি মরদেহ পাওয়া গেল।

বনবিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ, বয়স আনুমানিক দুই বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিল। মৃত হাতিটি ওই দলের হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এবং বনবিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। 

হাতিটির মৃত্যু কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছে বন বিভাগ।

এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয়রা বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করে বলে অভিযোগ ওঠার পর গত ১১ নভেম্বর চারজনকে আসামি করে মামলা করে বন বিভাগ।