দেশের বাজারে তেজাবি স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা প্রকাশ করেছে। এটি সকাল সাড়ে ১০টা থেকেই কার্যকর হয়েছে। গতকাল পর্যন্ত এই মানের স্বর্ণের ভরি ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, এখন থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দামের পাশাপাশি বাড়ানো হয়েছে রৌপ্যের দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রৌপ্য ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।