নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। অগ্নিসংযোগ করা হয়েছে একটি প্রাইভেট কারে। এছাড়া ঘরের আসবাব ভাংচুরসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার ও ১ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১২টার দিকে সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ২১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন আজিজুর রহমান ভূঁইয়া। তরে পক্ষে কাজ করেন নিউটন গাজী। সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের নেতৃত্বে ৫০-৬০ জন নিউটন গাজী প্রাইভেট কারে অগ্নিসংযোগ এবং বাড়িঘর ভাংচুর করে। এতে নিউটনের বাবা, স্ত্রী ও ছেলেসহ পাঁচজন আহত হয়েছে। এছাড়া প্রতিবেশী মোহাম্মদ লিটনের বাড়িতেও হামলা চালায় প্রতিপক্ষ। উজ্জ্বল শেখ নির্বাচনে পরাজিত প্রার্থী তোফায়েল মাহমুদ তুফানের পক্ষে কাজ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উজ্জ্বল শেখ বলেন, ‘আমি এলাকার বাইরে রয়েছি। ঘটনার সঙ্গে আমি এবং আমার লোকজন জড়িত নয়। উদ্দেশ্যমূলকভাবে আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।’