চট্টগ্রামে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে হামলা হয়েছে। আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায়
এ ঘটনা ঘটে। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাংচুর করা হয়।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক
চসিক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আন্দোলনকারীদের একটি দল বিকালে নিউমার্কেট এলাকা থেকে টাইগার পাস হয়ে দুই নম্বর গেট এলাকা হয়ে যাওয়ার সময় মন্ত্রীর বাড়ি হামলা চালায়। এই দলটি টাইগারপাসে পুলিশ বক্সে ভাংচুর, লালখান বাজারে অগ্নিসংযোগ, ওয়াসা মোড়ে এমপি মহিউদ্দিন বাচ্চুর কার্যালয় ভাংচুরসহ বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে জড়ায়।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের বিক্ষোভ মিছিলের কর্মসূচি টাইগারপাস মোড়ে শেষ হয়েছে। এরপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায় নেবে না।
শিক্ষামন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার বণিক বার্তাকে জানান, শনিবার সন্ধ্যার সময় একদল লোক এসে বাড়িতে হামলা চালায়। এ সময় বাইরে থাকা গাড়ি ও বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে তারা। তাদের হাতে লাঠিসোটা ছিলো। তারা বাড়ির বৈঠকখানার জানালার কাঁচও ভাংচুর করে। এ সময় মন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।
নগরীর পাঁচলাইশ
থানার এসআই তৃষা দাস জানান, মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমরা ফোর্স
পাঠিয়েছি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।










