বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকসহ র‍্যাবের হাতে আটক হয়েছেন মো. ইব্রাহিম (শিলাল) নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, বুধবার রাতে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ১ কেজি ১২০ গ্রাম গান পাউডার এবং নগদ ২ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নাচোল থানার একটি স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে। একটি ভ্যানে করে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম। আটকের পর অবৈধ মালামাল বহনের কথা স্বীকার করেছেন তিনি।

র‍্যাব জানায়, এর আগে ভিন্ন দুটি মামলায় এক বছরের বেশি সময় কারাভোগ করেছেন ইব্রাহিম। কারাগারে থাকা অবস্থায় এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় তার। সেখানেই এ অবৈধ লেনদেনের পরিকল্পনা করেন তারা। এ ঘটনায় নাচোল থানায় মামলা হয়েছে।