মাগুরায় পরিবহনে মাদক তল্লাশি করতে গিয়ে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই খবির আহমেদ জানান, গতকাল দুপুরে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা শহরের বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চট্টগ্রাম থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাকিব নামে এক যুবকের কাছে থাকা ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ টাকা। আটক যুবক স্বর্ণের বারগুলো দুই পায়ের জুতার মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন।
পরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদেরের উপস্থিতিতে স্বর্ণের বারসহ ওই যুবককে আটক করা হয়। আটক যুবকের বাড়ি যশোরের শার্শা এলাকায়। তার বাবার নাম ইয়াজুল ইসলাম। এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে।










