নরসিংদীর শিবপুরে ’৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামানের (শহীদ আসাদ) ৫৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়ার শহীদ আসাদের সমাধিস্থলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রভাত ফেরিসহ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ আসাদ কলিজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৬৯-এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে (চাঁনখারপুল) এলাকায় পুলিশের গুলিতে নিহত হন আসাদ।










