ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মত নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে পাশেই আলাদা একটি প্যান্ডেলে নামাজ পড়েন নারীরা। নারীদের ওই জামাতে অংশ নিয়েছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঈদগাহ ময়দানে মাওলানা গাজী মো. শহীদুল ইসলামের ইমামতিতে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

ঈদগাও ময়দান ছাড়াও নেছারাবাদ মাদরাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন্স, উপজেলা পরিষদসহ জেলার তিন শতাধিক জামে মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাত নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।