নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজ কারো সন্ধান মেলেনি, পাওয়া যায়নি ডুবে যাওয়া ট্রলারটিও।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। তাদের সাথে উদ্ধার অভিযানে যুক্ত হয় নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল। অভিযান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, ভোর থেকে নদীতে প্রচুর কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যহত হয়। আমরা নদীতে কয়েকটি ভাগে উদ্ধার অভিযান পরিচালনা করছি।

ধলেশ্বরী নদীর তীরে প্রিয়জনদের জন্য অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা।

গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামের যাত্রীবাহী লঞ্চটি ধাক্কায় অন্তত ত্রিশ জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। অনেকে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ৯ জন।

ট্রলারের যাত্রীদের মধ্যে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন বক্তাবলী এলাকার কলেজ শিক্ষার্থী সাব্বির হোসেন, নেয়ামতপুর এলাকার আব্দুল্লাহ, চর মধ্য নগরের জিয়াসমিন আক্তার ও তার মেয়ে তাসমিন আক্তার, ছেলে তামিম এবং দুই বছরের ছোট্ট শিশু তাসফিয়া। তাছাড়াও এ দুর্ঘটনায় উত্তর গোপাল নগর এলাকার মোতালেব মিয়া ও একই এলাকার মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ ও ৬৫ বছর বয়সী হকার শামসুদ্দিন নিখোঁজ রয়েছেন।