দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গতকাল দিনের বিভিন্ন সময় লক্ষ্মীপুর, ঝিনাইদহ ও নওগাঁয় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

লক্ষ্মীপুর: বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। গতকাল দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারি ইউনিয়নের যাদৈয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নূর নবী সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের হানিফ মিয়াজি হাটের বাসিন্দা। আহতরা হলেন নূর নবীর স্ত্রী হোসনে আরা বেগম ও পুত্রবধূ সুইটি আক্তার, অটোরিকশাচালক রহমান ও যাত্রী শাফায়েত হোসেন।

ঝিনাইদহ: পিকআপের ধাক্কায় ইকবাল মিয়া (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল দুপুর ১২টার দিকে বৈডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল মিয়া উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মতিউর মিয়ার ছেলে। ঘটনার পর পিকআপটি আটক করেছে পুলিশ। চালক পালিয়ে গেছেন।

নওগাঁ: ট্রাক্টরের ধাক্কায় সিফান হোসেন (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে নওগাঁ সদর উপজেলার কাদিমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কাদিমপুর গ্রামের মুমিন হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক।

তিনি জানান, সকালে বাড়ির সামনে খেলা করছিল শিশু সিফান। রাস্তা পার হওয়ার সময় ইটবোঝাই একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।