পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে ভারত থেকে আসা নীলগাই গ্রামবাসীর হাতে ধরা পড়েছে। গতকাল সরকারপাড়া গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে নীলগাইটি ধরা পড়ে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মচারীরা উদ্ধার করে জেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। গ্রামবাসী জানায়, বেলা ১১টার দিকে ঈদগাহ মাঠের পেছনে মরিচখেতে নারীরা কাজ করছিলেন। এ সময় তারা নীল গাইটিকে দেখতে পান। পরে স্থানীয় তরুণরা দলবেঁধে গাইটিকে ধরে। গাইয়ের মাথা ও চার পায়ে চামড়া উঠে ক্ষত তৈরি হয়েছে। সদর উপজেলা বন কর্মকর্তা জয়নুল আবেদিন নীলগাইটিকে উদ্ধারের বিষয়টিকে নিশ্চিত করেছেন।