ময়মনসিংহ জেলার ত্রিশাল ও ফুলপুর উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মো. নজরুল ইসলাম দীপক নামে আরো একজন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের পৃথক পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন ত্রিশাল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজহারুল ইসলামের বড় ছেলে মো. শামীম পারভেজ (৩০)। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। যদিও বর্তমানে যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

অন্যদিকে ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে মো. সুরুজ আলী (৭০) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। 

ত্রিশালের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, ময়মনসিংহের বাইপাস এলাকায় নিজের ফিশারির পাঙ্গাস মাছ বিক্রি করে প্রাইভেটকার যোগে ময়মনসিংহ থেকে ত্রিশালের নিজ বাড়িতে ফিরছিলেন শামীম ও দীপক। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার নুরুর দোকান নামক স্থানে আসতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।

এর পর প্রাইভেটকারটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই শামীম পারভেজের মৃত্যু হয়। এ সময়ই গুরুতর আহত হন তার সঙ্গে থাকা দীপক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন আশরাফুল ইসলাম। তিনি আরো জানান, পরিবারের চাওয়া অনুযায়ী বিনা ময়নাতদন্তে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।

অপরদিকে ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে ট্রাক চাপায় মারা যান সুরুজ আলী। এ দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফজরের নামাজ পড়তে সড়কে বের হয়েছিলেন সুরুজ আলী। এ সময় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের ইমাদপুর নামক স্থানে ময়মনসিংহ থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাকে হঠাৎ চাপা দেয়। এর পর সুরুজ আলী ঘটনাস্থলেই মারা যান। 

এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।