ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক পরীক্ষার ফলাফল প্রস্তুতে অনিয়মের দায়ে দুই অধ্যাপককে শাস্তি দেয়া হয়েছে। আগামী তিন বছর তারা কোনো ধরনের পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে পারবেন না। শাস্তিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন ও অধ্যাপক ড. মো. আবদুস সবুর খান। সম্প্রতি শাস্তির বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে তাদের চিঠি দেয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিষয়ে ২০১৭ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার বিএ সম্মান পরীক্ষার ফলাফলে ব্যাপক ব্যবধান রেখে চূড়ান্ত করার আনীত অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশ ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ শাস্তি দেয়া হয়েছে। এছাড়া ওই পরীক্ষার প্রথম ও দ্বিতীয়বার টেবুলেশন-সংক্রান্ত সব বিল ঢাকা বিশ্ববিদ্যালয় কোষাগারে ফেরত দেয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ প্রকাশিত ২০১৭ সালের তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টারের ফলাফল কাঙ্ক্ষিত না হওয়ায় বিভাগ বরাবর মৌখিক আবেদন জানান শিক্ষার্থীরা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে প্রকাশিত ফলাফল পুনরায় নিরীক্ষা করে ২৯ মার্চ সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফলাফল না আসায় ওই বছরের ৩ মে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ফলাফল যাচাইয়ের আবেদন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের করা প্রাথমিক নিরীক্ষায় জালিয়াতির বিষয়ে সত্যতা পাওয়ায় শৃঙ্খলা পরিষদের সাব-কমিটির সভায় উপস্থাপন করা হয়। ওই সভায় বিভাগের তত্কালীন চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও অধ্যাপক ড. তারিক জিয়াউর রহমান সিরাজীকে নিরীক্ষক হিসেবে পুনরায় ফলাফল তৈরির দায়িত্ব দেয়া হয়। পূর্বপ্রকাশিত ফলাফল ও পুনঃপ্রকাশিত ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পরিলক্ষিত হয়।