রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ২০১৩ সালে জাঁকজমকপূর্ণভাবে যাত্রা শুরু করলেও মাত্র তিন বছরের মাথায় কার্যক্রমে আসে ভাটা। তৎকালীন সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলির স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে সংগঠনের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে, এমন দাবি করেছেন সংগঠনের সাধারণ সদস্যরা। তবে সে স্থবিরতা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছেন ভুক্তভোগী উদ্যোক্তারা। এরই অংশ হিসেবে নগরীর পিবি রোডের ছোট মন্থনা এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে সংগঠনের কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

২০২৫-২৭ মেয়াদের জন্য গঠিত নতুন কমিটির নির্বাচনে সভাপতি পদে শাহানাজ পারভীন নির্বাচিত হয়েছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোছা. শেখ মোরশেদা পিয়ারী এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মোর্শেদা খাতুন। নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন নিলুছ আক্তার খান, তাপসী রাবেয়া, ফেরদৌসী জেসমিন, মাহমুদা বেগম শরীফা, নূর আসমা লাবণ্য, গুলশান আরা ইয়াসমিন, সারওয়ার জাহান, ফারজানা বেগম চৌধুরী, শারমিন আক্তার শিমুল, স্মৃতি বেগম, শারমিন সুলতানা, সারমিন আক্তার, জাহানারা খাতুন ও ফেরদৌসী ইয়াসমিন মিনা।

নবনির্বাচিত সভাপতি শাহানাজ পারভীন বলেন, ‘২০১৩ সালে চেম্বার প্রতিষ্ঠার পর আমরা নারী উদ্যোক্তাদের জন্য আন্তরিকভাবে কাজ করছিলাম। তখন সদস্য সংখ্যা ছিল ৬৫ জন। কিন্তু তৎকালীন সভাপতির স্বেচ্ছাচারিতা ও অনিয়ম আমাদের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়ায়। এমনকি চেম্বারের ভবন নির্মাণের জন্য সরকার থেকে পাওয়া ২০ লাখ টাকাও আত্মসাৎ করা হয়।’

চেম্বারের পরিচালক গুলশান আরা ইয়াসমিন বলেন, ‘আমরা জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা নারী উদ্যোক্তাদের এক প্লাটফর্মে আনতে কাজ করব। পাশাপাশি কাজের পথে যেসব প্রতিবন্ধকতা আসবে, সেগুলো সমন্বিতভাবে সমাধানের চেষ্টা করব।’