নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় গ্রেফতার হওয়া আটজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এই আদেশ দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান। তিনি বলেন, বন্দর থানায় বিআইডব্লিউটিএর পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটি তদন্ত করবে নৌ পুলিশ। তিনি আরো জানান, নৌ পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে সাতদিনে করে রিমান্ডের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- গোপালগঞ্জ সদরের বেত-গ্রাম দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদ শেখের ছেলে জাহাজের মাস্টার মো. রমজান আলী শেখ (৫৬), চট্টগ্রামের মিরসরাই থানার মৃত সামসুল আলমের ছেলে মাস্টার মো. নুরুল আলম (৪৩), দিনাজপুরের ঘোড়াঘাট থানার মো. রফিকুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম (২৯), গাজীপুরের কালীগঞ্জ থানার মো. আজিজুল ইসলামের ছেলে ইঞ্জিনিয়ার মো. নাদিম হোসেন (২৪), মাগুরার মহম্মদপুর থানার মো. মন্টু মোল্লার ছেলে লস্কর মো. সুমন হোসেন (২৪), চট্টগ্রামের মিরসরাই থানার মো. একরামুল হকের ছেলে লস্কর মো. ইয়াসিন (২২), ফেনীর ছাগলনাইয়া থানার মো. আব্দুর রউফের ছেলে সুকানি মো. জাহিদুল ইসলাম (২৪) ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মো. নিজাম উদ্দিনের ছেলে গ্রিজার মো. রিয়াদ হোসেন (২৩)।

এর আগে গতকাল দুপুরে ২টা ২০মিনিটের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট অংশে রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী লঞ্চ এম এল আফসার উদ্দিন ডুবে যায়। আজ সোমবার ভোরে লঞ্চটি উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এ সময় লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় দুই দিনে মোট আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং চারজন নিখোঁজ রয়েছেন।