ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ দলিলে স্বাক্ষর করেন।
আজ রোববার (১৩ এপ্রিল) সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানে এই স্বাক্ষর হয়। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে স্বাগত জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।
আলোচনায় শ্রম উপদেষ্টা ও ওআইসি-এএসজি উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।
শ্রম উপদেষ্টা বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি ও কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ওআইসির সহকারী মহাসচিব সংবিধিতে স্বাক্ষরের জন্য বাংলাদেশকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন ওআইসি কর্মকর্তাদের বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে অবহিত করেন। এ শিল্পে অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















