সড়ক দুর্ঘটনায় দেশের তিন স্থানে তিনজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে সিলেট, রাজবাড়ী, বরগুনায় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
সিলেট: নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বেলা ১টার দিকে নগরীর চৌহাট্টা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ আহমদ সিফাত (৩৫) নগরীর কাজিটুলা উঁচাসড়ক এলাকার মৃত আজগর আলীর ছেলে। কোতোয়ালি থানার ওসি মঈন উদ্দিন শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ী: শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে উল্টে পড়ে হাসিবুল মণ্ডল (১২) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ওই গ্রামের মঞ্জিল মণ্ডলের ছেলে।
বরগুনা: আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ঘটখালী স্থানে গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গতকাল সকাল ৮টার দিকে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে আমতলী থানায় সংবাদ দেয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।










