নাটোর শহরের নিচাবাজারের ৫ শতাধিক ব্যবসায়ী পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে তাদের বাজারকে পলিথিন মুক্ত করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বাজারে পলিথিনে কোনো পণ্য ক্রয়-বিক্রয় না করার সিদ্ধান্ত কার্যকর করেন তারা।

নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের আয়োজনে ‘আর নয় পলিথিন, সুন্দর রাখি পরিবেশ’ স্লোগান নিয়ে ব্যবসায়ীরা সকালে একটি র‍্যালি ও প্রচারাভিযান চালান। এতে ভোক্তাদের সচেতন করতে ব্যাগ সরবরাহ করা হয় এবং ব্যবসায়ীদের মাছ, শাক-সবজিসহ সব ধরনের পণ্য পলিথিনমুক্ত রাখার নির্দেশনা দেয়া হয়।

এ উদ্যোগের অংশ হিসেবে বাজার কমিটির পক্ষ থেকে ৫ হাজার প্লাস্টিকের বিকল্প ব্যাগ বিতরণ করা হয় এবং তিনটি পয়েন্টে মনিটরিং সেল স্থাপন করা হয়।

প্রচারাভিযানে নিচাবাজার ব্যবসায়ী ইউনিটের সভাপতি সাইফুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক রাশেদুল শাহ রিপনসহ অন্যান্য নেতারা অংশ নেন।