পটুয়াখালী সদর উপজেলার পূর্ব জৈনকাঠী ইউনিয়নের ডোলখালী খালের লোহার সেতুর স্লাব ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে খাল পারাপারে ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভাঙা সেতু থেকে পড়ে কয়েকজন পথচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থী আহত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে সেতুর দুই পাশের লোহার রেলিংয়ে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। সেতুর স্লাব ধসে পড়ে অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। ফলে লাফিয়ে লাফিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। নড়বড়ে হয়ে যাওয়ায় মানুষ উঠলে সেতুটি দুলতে থাকে। স্থানীয়রা জানান, সেতুটি দ্রুত সংস্কার না করলে যেকোনো সময় ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ সেতু দিয়ে পটুয়াখালী সদর ইউনিয়নের জৈনকাঠী, কমলাপুর, আউলিয়াপুর, বলইকাঠী, সৈলা গ্রামের মানুষ এবং আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয়, জৈনকাঠী মাধ্যমিক বিদ্যালয়, কৈরাখালী মাদ্রাসা, উত্তর সেয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ চলাচল করে। সেতুটির সিমেন্টের স্লাবগুলো ধসে খালে পড়ে যাওয়ায় অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। এছাড়া স্লাবের সিমেন্টের ঢালাই ক্ষয়ে রড বেরিয়ে গেছে। এলাকাবাসী ভাঙা স্লাব আড়াআড়ি রেখে জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করেছে।

স্থানীয়রা জানায়, পটুয়াখালী সদর ইউনিয়নের কটুরাতালুক বাজার, ডোরখালী বাজার, কমলার হাট, দক্ষিণ সেয়াকাঠী বাজার, নতুন স্কুল বাজার, চারাবুনিয়া বাজার, কাটাখালী বাজার থেকে পটুয়াখালী শহরে যাতায়াতের একমাত্র সহজ মাধ্যম এ সেতু। এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক তালুকদার, মো. সোহেল বলেন, পাঁচ বছর আগে সেতুটির অনেক স্লাব ভেঙে গেলেও কোনো ধরনের মেরামত করা হচ্ছে না। ঝুঁকি নিয়ে আমাদের সেতু পারাপার হতে হচ্ছে। সেতুটি সংস্কার কিংবা পুনর্নির্মাণ করা হলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে।

উত্তার সেয়কাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর মিয়া জানান, পূর্ব জৈনকাঠী গ্রামের ডোলখালী খালের ওপর লোহার সেতু পার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে। সেতুটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

জৈনকাঠী ইউনিয়ন চেয়ারম্যান মো. ফিরোজ আলম বলেন, ওই সাঁকো দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে। এখানে নতুন সেতু নির্মাণ করা হলে সহজে কৃষকরা উৎপাদিত পণ্য পরিবহন করতে পারবেন। পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও নিরাপদে খাল পার হতে পারবে।