ভারতে কাজ করতে গিয়ে আটক হওয়া নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন বাংলাদেশী নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।

বৈঠকে বিজিবির দলকে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন। অন্যদিকে বিএসএফের দলকে নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি।

বিজিবির কাছে হস্তান্তর করা ২৪ বাংলাদেশীর মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু। এদের মধ্যে ২৩ জন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়াসহ একই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকি একজন জেলার নাগেশ্বরী উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে আটক থাকা এই বাংলাদেশী নাগরিকদের লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কাছে হস্তান্তরের বার্তা দেয় বিএসএফ। পরে বিজিবি বাংলাদেশী নাগরিকদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভারত থেকে ফেরত আসা নাগরিকরা জানান, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়েছিলেন। পরে দেশে ফেরার সময় বিএসএফ তাদের আটক করে।

এই ২৪ বাংলাদেশী নাগরিক হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫), তার স্ত্রী আম্বিয়া বেগম (১৯), মেয়ে তাসলিমা (৭), মাতা তানেকা বেগম (৪৬), বোন তাহেরা খাতুন (৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর ছেলে মানব আলী (২৩), মানব আলীর স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল কাদের (৩১) ও তার স্ত্রী সাথী বেগম (২৮), ছেলে শহিদুল (৯), মেয়ে কাজলী (২)। এছাড়াও ফুলবাড়ী উপজেলার আরাজী নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫), তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩), ছেলে আশিক বাবু (১৪), মেয়ে জান্নাতি খাতুন (১৯), জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ। একই উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫), তার স্ত্রী আলমিনা বেগম (২৯), মেয়ে হাছিনা (১৩), ছেলে আরিফ (৪), আরমান (২) ও জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস ছালাম (৫০)।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ প্রক্রিয়া মেনে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশী নারী, পুরুষ ও শিশুকে ফেরত আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।