কোপা-বিশ্বকাপ-কোপা। টানা তিনটি বড় আসরে আর্জেন্টিনাকে তিনটি বড় ম্যাচ জেতালেন ‘বাজপাখি’খ্যাত গোলকিপার এমি মার্টিনেজ। গতকাল সকালে টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের টাইব্রেকারে দু-দুটি শট ঠেকিয়ে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক মার্টিনেজ। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনা জিতেছে ৪-২ গোলে।
লিভারপুল তারকা অ্যালেক্সি ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিসান্দ্রো মার্টিনেজ। এরপর নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর গোল পরিশোধ করতে পারেনি একুয়েডর। ফলে আর্জেন্টিনা তখন জয়ের প্রহরই হয়তো গুনছিল। যদিও বিধিবাম! যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে কেভিন হোসে রদ্রিগেজের গোলে অবিশ্বাস্যভাবেই ম্যাচে সমতা নিয়ে আসে একুয়েডর। সেমিফাইনাল থেকে হাতছোঁয়া দূরে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনাও আকস্মিকই পড়ে যায় অগ্নিপরীক্ষায়। কোপার নিয়মানুযায়ী, ম্যাচ চলে যায় সরাসরি টাইব্রেকারে। যদিও সব উৎকণ্ঠা তাড়িয়ে বর্তমান চ্যাম্পিয়নদের ফাইনালের টিকিট এনে দিয়েছেন মার্টিনেজ।
প্রায় জেতা ম্যাচটি যখন শেষ মুহূর্তের গোলে ড্র হয়ে টাইব্রেকারে গড়ায় তখন আর্জেন্টিনা সমর্থকদের কপালে চিন্তার রেখা ফুটে উঠছিল। সেখানে আবার শুরুতেই বিপর্যয়। দলটির সবচেয়ে বড় ভরসার নাম লিওনেল মেসি পানেনকা শটে গোলকিপার আলেক্সান্ডার ডমিঙ্গেজকে ভুল দিকে পাঠান বটে, তবে বলটি ক্রসবারে লেগে ওপর দিয়ে গিয়ে জালে পড়ে। রাজ্যের হতাশা নেমে আসে আর্জেন্টিনার গ্যালারিতে। যদিও গ্যালারিতে আকাশি-সাদার ঢেউ আবার জাগিয়ে তোলেন মার্টিনেজ। বামে ঝাঁপিয়ে অ্যাঞ্জেলে মেনা ও ডানে ঝাঁপিয়ে অ্যালান মিন্দার শট ঠেকিয়ে আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফেরান মার্টিনেজ। এরপর একুয়েডরের ইয়েবোয়া ও কাইসেদো মেদিনা দুজনই স্পট কিক থেকে গোল করলেও লাভ হয়নি। হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস ওতামেন্দি টানা চার শটে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন (৪-২)।
এ জয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপার সেমিফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। বুধবার সকালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে তারা খেলবে ভেনিজুয়েলা কিংবা কানাডার বিপক্ষে। আজ সকালে মুখোমুখি হবে ভেনিজুয়েলা ও পানামা। আরেক সেমির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল ও কলম্বিয়া। রোববার ভোর ৪টায় কলম্বিয়ার প্রতিপক্ষ পানামা, ওইদিন সকাল ৭টায় ব্রাজিল-উরুগুয়ে মহারণ নেভাদার অ্যালেজিয়ান্ট স্টেডিয়ামে।
ব্রাজিলের মাঠে ২০২১ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে হারায় আর্জেন্টিনা। সেই জয়ের নায়ক এমি মার্টিনেজ। তিন তিনটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। পরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ১৫তম শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা।
এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি ও ফাইনালে ফ্রান্সের দুটি পেনাল্টি শট ঠেকিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নপূরণে বড় অবদান রাখেন মার্টিনেজ। টানা তৃতীয় আসরে টাইব্রেকারে দলের ত্রাতা হয়ে উঠলেন তিনি। গতাল একুয়েডরের মেনা ও মিন্দার শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন এ ‘বাজপাখি’।










