ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) নবনিযুক্ত পরিচালকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা । সম্প্রতি এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আইবিসিসিআই ৫০০টিরও বেশি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম, যা ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।

হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্বকে সুদৃঢ় করার ক্ষেত্রে আইবিসিসিআইর ভূমিকার প্রশংসা করেন। তিনি দুদেশের ভৌগোলিক নৈকট্যকে বাস্তব অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বাণিজ্যিক সম্পর্ককে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারত্ব, বিনিয়োগ ও ভ্যালু চেইন ইন্টিগ্রেশনে রূপান্তরিত করে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক সম্পৃক্ততা গড়ে তোলার জন্য আইবিসিসিআইর প্রতি আহ্বান জানান।

হাইকমিশনার বলেন, এ অঞ্চলের দুটি বৃহত্তম অর্থনীতি ও সংযুক্তি বিনির্মাণের ওপর গুরুত্বারোপকারী ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক একীকরণে নেতৃত্ব দেয়া এবং স্থিতিশীল ও ভবিষ্যৎ উপযোগী সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবস্থানে রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করাহয়, হাইকমিশনার আইবিসিসিআই প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পৃক্ততার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন। যার মধ্যে ভারতীয় রুপিতে বাণিজ্য নিষ্পত্তির জন্য নবপ্রবর্তিত প্রক্রিয়াসমূহ এবং অধিকতর দক্ষ আন্তঃসীমান্ত বাণিজ্য সহজতর করার ক্ষেত্রে প্রধান স্থল শুল্ক বন্দরগুলোয় চলমান অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় ভারত-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারত্বকে পরবর্তী স্তরে উন্নীত করার লক্ষ্যে যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করা হয়।