২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কৌশলগত কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চারটি ইউনিটের মাধ্যমে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কোন ইউনিটে অংশগ্রহণ করবে এবং কীভাবে নিজ নিজ শাখা বা বিভাগ পরিবর্তন করবে সে বিষয়ে কৌশলগত অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ কৌশল অনুমোদন দেয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, বিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেকোনো শাখার শিক্ষার্থীদের জন্য ‘চারুকলা ইউনিট’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুন নিয়মে বিজনেস স্টাডিজ ছাড়া অন্য শিক্ষার্থীরা চারটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে বিজনেস স্টাডিজের শিক্ষার্থী বিজ্ঞান ছাড়া অন্য তিন ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
শাখা বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা কলা অনুষদ, আইন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিষয়গুলো এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তির জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে’র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মানবিক শাখার শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত গণিত ও পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং গণিত বা পরিসংখ্যান বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। মানবিক ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিষয়ে ভর্তির জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, তথ্যপ্রযুক্তি এবং অর্থনীতি/গণিত বিষয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।










