পার্বত্য
চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, ‘আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার করে কম সময়ে একই
পরিমাণ জমিতে অধিক ফসল উৎপাদন সম্ভব। এ বাস্তবতায় প্রতি
বছর পার্বত্যাঞ্চলসহ সারা দেশে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে আধুনিক কৃষি সরঞ্জাম পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অনন্য। একই সঙ্গে শিক্ষা, ক্রীড়া, সংস্কৃত, কারিগরি, প্রযুক্তিসহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে চলেছে। এর ফলে দেশে
সার্বিক দিক দিয়ে সাফল্য অর্জন বৃদ্ধি পাচ্ছে।’
গতকাল সকালে পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা পরিষদে ন্যস্ত সমবায় বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগপত্র হস্তান্তর, পার্বত্য মন্ত্রণালয়ের আপৎকালীন পরিস্থিতি মোকাবেলা কর্মসূচির আওতায় অনুদানের চেক, এসআইডি-সিএইচটি শীর্ষক কারিগরি প্রকল্পের আওতায় কৃষি সরঞ্জাম, সমাজসেবা বিভাগের ২০২২-২৩ অর্থবছরের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের অনুদানের চেক এবং ক্রীড়া সামগ্রী ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
এর আগে জেলা সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ফাতিমা রানী ধর্ম পল্লীর ক্লাসরুম ও আরসিসি রাস্তা নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মোহন্ত, জেলা পরিষদ সদস্য লক্ষ্মীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, তিংতিংম্যা, ফাতেমা পারুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল-মামুন, ইউএনডিপির জেলা ব্যবস্থাপক খুশী রায় ত্রিপুরা প্রমুখ।










