সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার  দুপুরে  এ তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী। 

লকডাউন ঘোষণা করা ইউনিয়নগুলো হলো কাজিপুর উপজেলার  তেকানি, চর গিরিশ, নাটুয়ারপাড়া, মনসুরনগর,  সোনামুখি ও  নিশ্চিন্তপুর ।

 সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদ লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান, জামালপুর ও বগুড়া জেলার ধনুট উপজেলায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ কারণে সিরাজগঞ্জের কাজিপুর ও জামালপুর জেলার সীমান্তবর্তী ছয়টি ইউনিয়ন লকডাউন করা হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব ইউনিয়নে প্রবেশ ও বহির্র্গমন নিষিদ্ধ থাকবে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে নতুন করে ৪১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হওয়ায় সাত জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। 

বৃহস্পতিবার  দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম   এ তথ্য  নিশ্চিত করেছেন।  তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৪১ জনসহ মোট ৬৫৮ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনের আওতায় নেয়া হয়েছিল। এর মধ্যে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করায় ৫৫৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ১০৪ জন। 

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত সন্দেহে ২০ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) পাঠানো হয়েছে। এর মধ্যে ১১ জনের নেগেটিভ এসেছে। এখনো নয় জনের রিপোর্ট আসা বাকি।