ভারতের মেঘালয়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সাত উপজেলার ১৪টি হাওরের বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় পানিসম্পদ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সরজমিনে তদন্ত করেছেন।
গতকাল দুপুরে তারা জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরে পরিদর্শনে যান। এ সময় ওই হাওরে ভেঙে যাওয়া বাঁধ ও ফসলের ক্ষয়ক্ষতির চিত্র দেখেন। পাশাপাশি স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা।
তদন্ত কমিটির প্রধান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীনের নেতৃত্বে তদন্ত দলে ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশেরুল ইসলাম।










