ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।আজ বেলা ১২ টায় জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ফিরোজ কবির বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন আফাজ উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম,আব্দুল মোত্তালেব-এর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও ইনতাজ খাঁয়ের ছেলে আব্দুর রহমান (৩৪)। নিহতরা সবাই হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের বাসিন্দা।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ রিয়াদ হাসান জানান, সকালে বরঙ্গাইল আড়তে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী জাহিদুল ও আব্দুর রহমান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়ামুখী যাত্রীবাহী বাস কমফোর্ট লাইন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।আহত অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান আব্দুর রাজ্জাক। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।