তিনি বলেন, ‘বর্তমান গণতান্ত্রিক সরকার পার্বত্য অঞ্চলের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না।’ গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎মন্ত্রী দীপেন দেওয়ান তার বক্তব্যে বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচিকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দিয়ে বলেন, ‘আমি আপনাদের সহযাত্রী হতে চাই। পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমাদের এগোতে হবে। কাউকে বাদ দিয়ে নয়।’ তিনি সরকারি কর্মকর্তাদের জনস্বার্থের বিষয়গুলো চিহ্নিত করার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে এ অঞ্চলের উন্নয়নের দাবিগুলো তিনি সরাসরি সরকারপ্রধানের কাছে তুলে ধরবেন।

‎সাম্প্রদায়িক সম্প্রীতি প্রসঙ্গে মন্ত্রী দীপেন দেওয়ান সতর্ক করে বলেন, ‘উন্নয়ন বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য হলে সম্প্রীতি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই সব জাতি, ধর্ম ও সম্প্রদায়ের সমান সুযোগ নিশ্চিত করার জন্য তিনি সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।’

‎রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ কার্যক্রম ও অগ্রগতি মন্ত্রীর সামনে তুলে ধরেন।‎