নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিংড়া উপজেলার বনকুড়াইল এলাকার মো. ছাত্তার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫) ও আব্দুল মোমিনের দুই ছেলে ইমরান (২২) এবং রাব্বী (১৮)। নিহতরা সবাই উপজেলার বনকুড়াইল এলাকার বাসিন্দা। 

সিংড়ার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নে বামিহাল- দুর্গাপুর সড়কে অটোভ্যানে যোগে তিনজন যাত্রী বামিহাল যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর আঞ্চলিক সড়কে অটোভ্যানটি ওঠার সময় দ্রুতগতির একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানে থাকা হোসনে আরা, ইমরান এবং রাব্বী এই তিনজন নিহত হয়। এ সময় গুরুতর একজনকে  সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটি জব্দের পাশাপাশি চালক এবং হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।