বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. এম এম আকাশ বলেছেন, মুক্তিযুদ্ধ আর বাহাত্তরের সংবিধানের প্রশ্নে কোনো আপস করবে না সিপিবি। রাজাকার-আলবদরদের কাছ থেকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমরা রক্ষা করব। এ বাংলাদেশ হবে গরীব, মেহনতি, খেটে খাওয়া মানুষের। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিপিবির চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এম এম আকাশ বলেন, শেখ হাসিনার পতনের পর ছাত্রদের ইচ্ছায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারপ্রধানের দায়িত্ব নেয়ায় দেশের রাজনৈতিক দলগুলো তাকে সমর্থন দিয়েছিল। সিপিবির পক্ষ থেকে বলা হয়েছিল, আপনি গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিন। কিন্তু আমরা দেখলাম, তিনি (ইউনূস) সে পথে হাঁটলেন না। তিনি পরোক্ষভাবে রাজনৈতিক দল বানানোর কৌশল নিলেন। বন্দরকে বিদেশীদের হাতে দেয়ার প্রক্রিয়া শুরু করলেন। করিডোর দেয়ার উদ্যোগ নিলেন।
অধ্যাপক ইউনূসের লন্ডন সফর প্রসঙ্গে সিপিবির এ নেতা বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বললেন। বোঝা গেল, তিনি স্বেচ্ছায় নির্বাচন দিতে চান না, চাপে পড়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।
এদিন নগরীর চেরাগি পাহাড় মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী সমাবেশে শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজির দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।















