দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কোনাবাড়িতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় তারা কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে রাখেন। গতকাল সকাল ৮টার দিকে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখলে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনের যাত্রীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানান, স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শ্রমিকদের দুই মাস ধরে বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ। বেতন পরিশোধ করা হবে বলে বারবার নোটিস দেয়া হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। সর্বশেষ ৫ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ ১৮ অক্টোবর বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল সকালে তারা কারখানার সামনে এসে দরজা বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন।

কারখানার সুইং অপারেটর হাসি বেগম বলেন, ‘গত দুই মাস আমরা ডিউটি করেছি এবং ওভারটাইমও করেছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের বেতন দেয়া হয়নি। চলতি মাসও প্রায় শেষের দিকে। অনেক কষ্টে দিন যাচ্ছে। বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছি।’

এ ব্যাপারে স্বাধীন গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) কামরুজ্জামান বলেন, ‘শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মোর্শেদ জামান বলেন, ‘শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। ২৪ অক্টোবর তাদের বেতন দেয়া হবে বলে মালিকপক্ষ থেকে কারখানার প্রধান ফটকে একটি নোটিস টাঙানো হয়েছে। তবে শ্রমিকেরা তা প্রত্যাখ্যান করেছেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্রমিকরা বাড়ি ফিরে গেছেন।’