বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষিখাতের উন্নয়নে কাজ করছেন। তিনি দোহার ও নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান করার জন্য ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করেছেন। তাই কৃষিজমি রক্ষায় আমাদের সকলকে সজাগ থাকতে হবে এর জন্য সকল শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সভায় (এজিএম) ভিডিও কনফারেন্সের মাধ্যমে, প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দোহার নবাবগঞ্জ (ঢাকা-১) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এ কথা বলেন।

বিআরডিবি’র উপজেলা সভাপতি দেওয়ান আওলাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র অর্থ সচিব ও এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ মামুন, ফজলুর রহমান ফাউন্ডেশনের আব্দুর রউফসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায়ীগণ।

অপর দিকে আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকার দোহার উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন সালমান এফ রহমান। উপজেলা প্রশাসন ভবন প্রাঙ্গনে এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমপ্লেক্স ভবন ও হল রুমের ভিত্তি প্রস্তরের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসময় তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলা প্রশাসন ভবনকে আধুনিকায়ন করাসহ সিসি ক্যামারা দ্বারা সংযুক্ত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এসসম উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, উপজেলা প্রকৌশলী মো. কবির উদ্দিন শাহ প্রমুখ।