গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনসমাবেশ করে জনমত তৈরি করা যাবে না। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ তুলে ধরতে হবে।
তারেক রহমান বলেন, ২০০৮ সালের তথাকথিত নির্বাচনের মাধ্যমে এবং ওয়ান ইলেভেনের মাধ্যমে স্বৈরাচার জেঁকে বসেছিল। আমরা গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে আগামীদিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণ যেভাবে চায়, আমাদের সেভাবে চলতে হবে। একটি কথা, সবার আগে বাংলাদেশ। এটিই আমাদের শুরু, এটাই আমাদের শেষ, সবার আগে বাংলাদেশ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের নেতাকর্মীরা হাজার হাজার জনগণকে নিয়ে আন্দোলন করছে। জেলে গিয়েছে, গুম হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।
১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী ও আমিন উর রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন। সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ।










