নাটোরে পৃথক ঘটনায় ধানবাহী ও মাটিবহনকারী ট্রাক্টরের নিচে চাপা পড়ে স্কুল ছাত্র আরমান আলীসহ দু’জন নিহত হয়েছে। এসময়  আহত হয়েছে আরো দুইজন ধানকাটা শ্রমিক। সোমবার(৬ মে) রাতে জেলার গুরুদাসপুরে এবং মঙ্গলবার সকালে সিংড়ায় পৃথক দুটি ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে আরমান আলী (১৫) ও বাদল প্রামাণিক (৩০)।

নিহত এলাকাবাসীরা জানায়,মঙ্গলবার সকালে ট্রাক্টর নিয়ে ছোট চোউরগাড়ি বিলে কাটা ধান বহন করতে যায় আরমান। এসময় ধান বোঝাই করে ফিরে আসার সময় নিচু জমি থেকে মূল রাস্তায় উঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এতে সে ট্রাক্টর থেকে ছিটকে গিয়ে নিচে চাপা পড়ে। এসময় ঘটনাস্থলেই মারা যায় আরমান। এতে আরো তিনজন ধানকাটার শ্রমিক আহত হন।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ধান বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপরদিকে, নাটোরের গুরুদাসপুরে পুকুর খননের কাজে ব্যবহৃত মাটিবাহী একটি ট্রাক্টরের চাপায় বাদল প্রামাণিক(৩০) নামের আরেক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মশিন্দা চরপাড়ার টেওশাগারী বিলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাদল হোসেন পার্শ্ববর্তী সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট মহল্লার গোলবর প্রামাণিকের ছেলে। রাত সাড়ে আটটার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার মাটিবাহি একটি ট্রাক্টরের চালক হিসেবে কাজ করছিলেন নিহত বাদল প্রামাণিক। সন্ধ্যার দিকে খননযন্ত্রের মাধ্যমে তার ট্রাক্টরে মাটি বোঝাই করার সময় বিপরীত দিক থেকে আসা মাটিবাহী অপর একটি ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পরেন বাদল। এসময় ট্রাক্টরটি বাদলকে পিষ্ট করে চলে যায়। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান বাদল।