বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান বলেছেন, ‘সাইফুর রহমান একজন আলোকিত মানুষ ছিলেন, যিনি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখিয়ে গেছেন। দেশের তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে তিনি যুগান্তকারী ভূমিকা পালন করেছেন।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জে একটি রাজনৈতিক সভায় যোগদান করেছিলাম। সেখানে আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আমি রূপগঞ্জে একটি পোশাকপল্লী করতে চাই। প্রধানমন্ত্রী তখন জানতে চান আমি জায়গা দিতে পারব কিনা। আমি হ্যাঁ বলি। এরপর প্রধানমন্ত্রী রূপগঞ্জে একটি পোশাকপল্লী করার ঘোষণা দেন। কিন্তু এরপর বিষয়টি আর আগাচ্ছিল না। তখন আমি প্রধানমন্ত্রীর পরামর্শে অর্থমন্ত্রী সাইফুর রহমানের সঙ্গে দেখা করি। তিনি আমাকে বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি বলেছেন সেটি রাজনৈতিক বিষয় কিন্তু একজন দরিদ্র দেশের অর্থমন্ত্রী হিসেবে আমার পক্ষে সবসময় রাজনৈতিক বক্তব্যে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা নাও সম্ভব হতে পারে। অর্থনীতি আলাদা বিষয়, এখানে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়।’

তিনি আরো বলেন, ‘পোশাক শিল্পের এ উন্নয়নের পেছনে সাইফুর রহমানের কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি মনে করি সাইফুর রহমানের অর্থনৈতিক চিন্তা ভাবনাকে ধারণ করে লালন করে বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব।’