অর্থনৈতিক অংশীদারত্ব আরো গভীর এবং সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ স্পেন ও যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন।

২৬-৩০ অক্টোবর পর্যন্ত এ সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরের শুরুতে শামা ওবায়েদ স্পেনের সেভিলে যাবেন। পরে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন তিনি।

যুক্তরাজ্যে তার কর্মসূচিতে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং দেশের সৃজনশীল অর্থনীতির বিকাশে সম্ভাবনা অনুসন্ধানের ওপর গুরুত্ব দেয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।