মাদারীপুরের রাজৈরে নিজ বাড়ির চারতলা ভবনের রেলিং থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তার নাম আলমগীর পাঠান (৫০)। তিনি বাজিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টেকেরহাট বন্দরে সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। তিনি একই এলাকার এসকান্দার পাঠানের ছেলে।

শনিবার (২৬ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।  

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন, বিকেল সাড়ে ৫ টার দিকে আলমগীর পাঠান তার নিজ বাড়ির চতুর্থ তলার রেলিং থেকে নিচে পড়ে যায়। এসময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে সে ছাদ থেকে পড়ে গেল, তা তদন্ত শেষে বলা যাবে।