কক্সবাজারে প্রায় এক কোটি পিস ইয়াবার চালান লুটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল ভোরে কক্সবাজার শহরের মাঝিরঘাট এলাকার খুরুশকুল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মিজান (৩২)। তিনি কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার বাসিন্দা জেলা জজ আদালত কার্যালয়ের সাবেক কর্মচারী গোলাম মওলা বাবুলের ছেলে।

পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি মাঝিরঘাট এলাকায় নোঙর করা ট্রলার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান লুটের পর মূল অভিযুক্ত মিজান কৌশলে পালিয়ে এত দিন ভারতে আত্মগোপনে ছিলেন। তিনদিন আগে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ঢুকতে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। আটক মিজানকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত রোববার রাতে তাকে নিয়ে কক্সবাজার পৌঁছে সদর থানা পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ১৭ জুলাই বেনাপোল ইমিগ্রেশন পুলিশ মিজানকে আটক করে কক্সবাজার জেলা পুলিশকে অবগত করে। সদর থানা পুলিশের একটি টিম গিয়ে মিজানকে কক্সবাজার আনে। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মাঝিরঘাটের খুরুশকুল ব্রিজ এলাকায় লুট হওয়া ইয়াবাগুলো উদ্ধারে যায় সদর থানা ও ডিবি পুলিশ।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। মাদক কারবারিরা গুলি ছুড়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হন মিজান। পরে ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ মিজানকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি মাঝিরঘাটের আবু ছৈয়দ কোম্পানির জেটিতে ইয়াবার বিশাল চালান লুটের পর আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে মিজান পালিয়ে যান।