উত্তরাঞ্চল তথা গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ শেষ হয়েছে। নামকরণ করা হয়েছে মওলানা ভাসানী সেতু। কয়েক দফা তারিখ পিছিয়ে আজ সেতুটি উদ্বোধন করার কথা। তবে গাইবান্ধার হরিপুর অংশে সেতুটির কাজ পুরোপুরি শেষ হলেও কুড়িগ্রামের চিলমারী অংশে দুই কিলোমিটার সংযোগ সড়ক মেরামত ও কার্পেটিংয়ের কাজ বাকি রয়েছে। ১০৯০ মিটার গার্ডার সেতুটি আজ উদ্বোধন করবেন উপদেষ্টা যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তবে স্থানীয়রা বলছেন, সংযোগ সড়ক চলাচলের উপযোগী হয়নি। হরিপুর অংশের কাজ অনেক আগে শেষ করা হয়েছে। চিলমারী অংশের কাজে ঠিকাদারের গাফিলতি ছিল। অবশ্য দ্রুত সড়কের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ।
এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১২ সালে সেতু নির্মাণ প্রক্রিয়া শুরু হয়। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। তবে নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালে পুরোদমে নির্মাণকাজ শুরু হয়।
কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইফনুছ হোসেন বিশ্বাস বণিক বার্তাকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কাজ শেষ হয়নি। তবে আবহাওয়া একটু ভালো হলেই দ্রুত কাজ শেষ করা হবে। কাজে কোনো অনিয়ম হয়ে থাকলে সেটাও খতিয়ে দেখা হবে।’










