এর মধ্যে হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে তিনজন, বান্দরবানে ডাম্পার উল্টে একজন এবং কক্সবাজারে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বণিক বার্তার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

হবিগঞ্জ: জেলার নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের বড়চর এলাকায় পিকআপ ও লাকি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন মশহুদ আহাম্মদ (৪০), ময়না মিয়া (৪২) ও কাশেম মিয়া (৫০)। স্থানীয়ভাবে কাঁচামাল কিনতে যাওয়ার সময় পিকআপটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। মশহুদ ঘটনাস্থলেই মারা যান। আহত চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ময়না ও কাশেমের মৃত্যু হয়।

বান্দরবান: শহরের আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বালিবাহী ডাম্পার ট্রাক উল্টে ঘটনাস্থলে চালক মো. মিজান নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন। গতকাল বান্দরবান-কেরানীহাট সড়কের আমতলী ঢালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দিয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়।

কক্সবাজার: চকরিয়ায় বদরখালী-চিরিঙ্গা আঞ্চলিক সড়কের শাহপুরা এলাকায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। তিনি চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।