মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন
ও কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ হয়েছে। এ ঘটনায় আটক
হয়েছেন একজন।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) দিবাগত
রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খান বাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি
মাছ জব্দ করা হয়।
এসব জাটকা মাছ ভোলা থেকে রাজধানীতে
পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন অভিযান দলের সদস্যরা।
এ বিষয়ে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য
কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গভীর রাত থেকে মাওয়া অবস্থান নিয়ে যৌথ অভিযান
পরিচালনা করা হয়। পরে সন্দেহভাজন পণ্য বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানে
জাটকা জব্দ করা হয়।
এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাকটি জব্দ
ও চালককে আটক করেছে কোস্ট গার্ড।
আজ বৃহস্পতিবার সকালে জব্দ জাটকা উপজেলার
স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
যৌথ অভিযানে অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।










